রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি এবং দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদরিয়া খানকাহ শরীফের সহ সভাপতি মোহন মন্ডলের জানাজা নামাজ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদরিয়া মাদ্রাসাতুল সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুম মোহন মন্ডলকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদরিয়া কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান তার স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। উপস্থিত অনেকে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম মোহন মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের মৃত মাহিল মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক পুত্র ও সাত কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজা নামাজে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাঈম আনসারী, সাবেক সদস্য সচিব মো. মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাবেক সভাপতি মো. সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, সাবেক সদস্য সচিব মো. নজরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ দেওয়ান, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. তারেক বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদরিয়া খানকাহ শরীফের সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী, সেক্রেটারি ইন্জিনিয়ার মো. রফিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ ও দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
মন্তব্য করুন