রাজবাড়ীর গোয়ালন্দে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি, বাস্তবায়ন পদ্ধতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। অনুষ্ঠিত আলোচনায় তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, নির্ভুলতা ও সমন্বয় নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাপ্পী কুমার সাহা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কালিয়া উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কর্মসূচির বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রেস কনফারেন্সে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন