আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ অক্টোবর (সোমবার) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মুনতাসির হাসান খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকরের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা নিজাম উদ্দিন। এছাড়া স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কবার্তা গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় পর্যায় থেকে দ্রুত সাড়াদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে দুর্যোগকালীন সময়ে করণীয় এবং উদ্ধার তৎপরতা বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন