রাজবাড়ীর গোয়ালন্দে নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণ ও অবৈধ ভাবে অতিরিক্ত ওজনবাহী ট্রাকের মাধ্যমে মহাসড়ক ক্ষতিগ্রস্থ হওয়া রোধে অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫টি পন্যবাহি ট্রাককে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র ওয়েস্কেলে (যানবাহনের ওজন পরিমাপক যন্ত্র) এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতের অভিযানে ওয়েস্কেলে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ওজন পরীক্ষা করা হয়। এসময় নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহন করার প্রমাণ পাওয়ায় ৫টি ট্রাককে আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৪৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৯২ ধারা অনুযায়ী ৫টি ট্রাককে সর্বমোট ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে চালকদের প্রত্যেকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, সড়ক নিরাপদ রাখা এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন